আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজার কনিষ্ঠ ইনফ্লুয়েন্সার ইয়াকিন নিহত, যুদ্ধভূমিতে শিশুদের হাসির আলো নিভে গেল।

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রাণ হারিয়েছে ১১ বছর বয়সী ইয়াকিন হাম্মাদ—যিনি ছিলেন এলাকার সবচেয়ে কমবয়সী ইনফ্লুয়েন্সার ও শিশুদের প্রিয় মুখ। দ্য গার্ডিয়ান ও আল জাজিরার প্রতিবেদনে  উঠে এসেছে, উত্তর গাজার দেইর-আল-বালাহ’র আল-বারাকা এলাকায় শুক্রবার (২৩ মে) রাতের তীব্র গোলাবর্ষণে নিহত হন ইয়াকিন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই শিশু মানবিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। ভাই মোহাম্মাদ হাম্মাদের সঙ্গে মিলেই তিনি বাস্তুচ্যুত শিশুদের মাঝে খাবার, পোশাক, খেলনা বিতরণ করতেন। গ্যাস সংকটে কীভাবে সহজ উপায়ে রান্না করা যায় কিংবা যুদ্ধের মধ্যে কিভাবে টিকে থাকা যায়—সে সম্পর্কেও দিতেন ব্যবহারিক পরামর্শ।

ইয়াকিন এক পোস্টে লিখেছিলেন, “আমি চেষ্টা করি অন্য বাচ্চাদের একটু আনন্দ দিতে, যাতে তারা যুদ্ধ ভুলে থাকতে পারে।”

ওয়েনা কালেকটিভ নামে গাজাভিত্তিক মানবিক সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন ইয়াকিন। ভাইয়ের সঙ্গে আশ্রয়কেন্দ্রে ঘুরে ঘুরে শিশুদের মুখে হাসি ফোটাতেন। কখনো নাচ, কখনো আইসক্রিম বিতরণ কিংবা কখনো হাতে ধরে প্রার্থনায় অংশগ্রহণ—সব কিছুতেই তার ছিল প্রাণবন্ত উপস্থিতি।

ইয়াকিনের মৃত্যু গাজার শিশুদের জন্য শুধু এক মর্মান্তিক ক্ষতই নয়, বরং যুদ্ধের ভিতরে এক স্বস্তির আলো নিভে যাওয়ার নাম। যুদ্ধের বিভীষিকায় হার না মানা এই শিশুটির বিদায় যেন গাজার শৈশবকেই আরও এক ধাক্কা দিয়ে গেল।

মতামত দিন