শান্তি না চাইলে রুটির বদলে বুলেট পাবেন: পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির।
আন্তর্জাতিক,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:
কাশ্মীরে সম্প্রতি এক ভয়াবহ হামলার পর টানা চার দিন সীমান্তজুড়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার নিজের রাজ্য গুজরাটের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “পাকিস্তান যেন শান্তিতে থাকতে শিখে। তারা যদি রুটি খায় ভালো কথা, না খেলে আমাদের কাছে বুলেট রয়েছে।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, যদি চায় তবে সন্ত্রাসবাদের রোগ থেকে দেশটিকে মুক্ত করতে পারে। পাকিস্তানকে সন্ত্রাসের বৃত্ত থেকে বের করে আনতে হলে, সেখানে জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
মোদি এই বক্তব্য রাখার একদিন পর মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে তার মন্তব্যের নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য ‘উস্কানিমূলক’ এবং তা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। ইসলামাবাদ আরও অভিযোগ করে যে, নয়াদিল্লি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্যের কারণে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মতামত দিন