গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৭৯ জন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শনিবার (২৫ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ২১১ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩ হাজার ৯০১ জনে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২২ হাজার ৫৯ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কিংবা সড়কে পড়ে আছে; নিরাপত্তা পরিস্থিতির কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
গেল ১৮ মার্চ থেকে গাজায় আবারও বড় পরিসরে হামলা শুরু করে ইসরায়েল।ওই হামলা কার্যত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে দেয়।এরপর থেকে নতুন করে ৩ হাজার ৭৪৭ জন নিহত এবং ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নানামুখী আইনি চাপও বাড়ছে। ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।
মতামত দিন