আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গুজরাট সীমান্তে বিএসএফের গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত।

ভারতের গুজরাট রাজ্যে পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় গুলিতে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বানাসকাঁঠা জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনার বিবরণে বিএসএফ জানায়, সীমান্তে বেড়ার কাছাকাছি একজন সন্দেহভাজনকে তারা দেখতে পান। তাকে থামার নির্দেশ দেওয়া হলেও তিনি সাড়া না দিয়ে সামনে এগোতে থাকেন। এ অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

এই ঘটনা এমন সময় ঘটলো যখন কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে।

প্রসঙ্গত, গুজরাট ও রাজস্থান ভারতের এমন দুটি রাজ্য, যেগুলোর সীমান্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশের সঙ্গে মিলেছে। এই অঞ্চল মাদক চোরাচালানের রুট হিসেবে কুখ্যাত। অতীতে এখান থেকেই বহু পাকিস্তানি নাগরিক মাদক পাচারের অভিযোগে আটক হয়েছেন।

ভারতীয় বাহিনী দাবি করছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন চলাচল দেখলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মতামত দিন