আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় ৯ সন্তান হারালেন এক চিকিৎসক।

গাজার খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক আলা আল-নাজ্জারের বাড়ি ধ্বংস হয়েছে। হামলায় তার ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল কর্তৃপক্ষ।

আহত হয়েছেন তার স্বামী ও একমাত্র জীবিত ১১ বছর বয়সী সন্তান। শনিবার (২৪ মে) বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

স্থানীয় সময় শুক্রবার রাতে হামলা চালানো হয় আল-নাজ্জার পরিবারের বাসায়। নিহতদের মধ্যে সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল মাত্র ১২ বছর। গুরুতর আহত স্বামী হামদি, যিনি নিজেও একজন চিকিৎসক, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেটির অস্ত্রোপচার করেন ব্রিটিশ সার্জন গ্রেম গ্রুম।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। হামলার পর ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য না করলেও শনিবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় গাজায় শতাধিক স্থানে হামলা চালানো হয়েছে।

আল-নাজ্জারের এক আত্মীয় ইউসুফ বলেন, “যথেষ্ট হয়েছে! আমাদের প্রতি দয়া করুন। এই যুদ্ধ বন্ধ হোক।” ব্রিটিশ সার্জন ভিক্টোরিয়া রোজের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে গ্রুম বলেন, হামলাটি ‘অকল্পনীয়’, কারণ পরিবারটির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না।

এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া আসতে পারে বলে জানিয়েছে বিবিসি।

মতামত দিন