আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে কাঁপছে কাশ্মীর, ৫৭ বছরের রেকর্ড ভাঙল শ্রীনগরে।

সন্ত্রাসী হামলার রক্তক্ষরণ কাটিয়ে উঠতে না উঠতেই এবার প্রকৃতির নির্মম তাণ্ডবের কবলে পড়েছে জম্মু ও কাশ্মীর। উপত্যকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯৬৮ সালে শ্রীনগরের তাপমাত্রা পৌঁছেছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে এত বিস্তৃত গ্রীষ্মকালীন দাবদাহ অনেক বছর পর উপত্যকায় ফিরে এসেছে।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগেও ভাঙল সর্বোচ্চ তাপমাত্রার আগের রেকর্ড। সেখানে বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০১ সালের ১৫ মে’র ৩২.৬ ডিগ্রিকেও ছাড়িয়ে গেছে।

অস্বাভাবিক এই আবহাওয়ার প্রভাবে স্কুল শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ফলে শিক্ষা বিভাগ জরুরি ভিত্তিতে সময়সূচি পরিবর্তনের নির্দেশনা দিয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, শ্রীনগর পুর এলাকার স্কুলগুলো সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। অন্যদিকে, শহরের বাইরের স্কুলগুলো খোলা থাকবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

উল্লেখ্য, এমন উষ্ণতা কাশ্মীরের মতো শীতপ্রধান অঞ্চলের জন্য অত্যন্ত অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তনের প্রভাব কীভাবে উপত্যকার আবহাওয়াকে দ্রুত বদলে দিচ্ছে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে স্থানীয় পরিবেশবিদদের মধ্যে।

মতামত দিন