আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

অবরোধে দম বন্ধ গাজার, খাদ্য না পেয়ে ২৯ শিশু নিহত।

নিজস্ব প্রতিবেদক

ইসরাইলি হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকায় দিনদিন বাড়ছে খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট। চলমান সামরিক অভিযানে বিপর্যস্ত জনজীবনের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অপুষ্টি ও চরম খাদ্যঘাটতির কারণে ইতিমধ্যে ২৯ জন শিশু প্রাণ হারিয়েছে। অনেক শিশুই অনাহারে মৃত্যুপ্রায় অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।

গেল কিছুদিনে ইসরাইল ব্যাপক স্থল অভিযান চালিয়েছে গাজার বিভিন্ন অংশে। আন্তর্জাতিক চাপের মুখে গতকাল ১০৭টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে দেশটি। আইডিএফ-এর (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) তথ্যমতে, এসব ট্রাকে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ।

তবে স্থানীয় এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীরা বলছেন, এই সহায়তা উপত্যকার প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত। বহু এলাকা এখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, যেখানে কোনও ত্রাণ পৌঁছায়নি।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করে বলছে,গাজার বর্তমান অবস্থা“চরম মানবিক বিপর্যয়”-এর পর্যায়ে পৌঁছেছে। জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ ও নিরাপদ ত্রাণ প্রবেশ নিশ্চিত না হলে, শিশুদের পাশাপাশি লাখো মানুষ অনাহারে মৃত্যুর ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

মতামত দিন