২২ মিনিটেই পাকিস্তানের ৯ ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত: মোদি।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাত ‘অপারেশন সিঁদুর’ ও ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর মাধ্যমে সীমান্ত পেরিয়ে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছালেও আপাতত চলছে যুদ্ধবিরতি। তবে সম্পর্কের উত্তাপ এখনো কাটেনি।
এর মধ্যেই বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, “২২ এপ্রিল পেহেলগামে যারা হামলা চালিয়েছিল, তাদের প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নেওয়া হয়েছে। পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যারা আমাদের মা-বোনের সিঁদুর মুছতে চেয়েছিল,তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি।”
মোদি বলেন, “রক্ত নয়, আমার শিরায় এখন টগবগ করে ফুটছে সিঁদুর। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এখন আইসিইউতে। আমরা এবার শুধু ঘরে ঢুকে মারিনি, বুকে মেরেছি।”
তিনি আরও বলেন,“যারা সন্ত্রাস ছড়ায়, তাদের হৃদয়ে আমরা আঘাত করেছি।সারা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে।”
এই বক্তব্য মোদির ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী প্রথম জনসভা।২০১৯ সালে বালাকোট বিমানহানার পরও প্রথম জনসভা ছিল রাজস্থান সীমান্তেই। এবারও একইভাবে ‘সীমান্ত রাজ্য’ থেকেই তিনি দিলেন হুঙ্কার।
বিশ্লেষকরা বলছেন, মোদির এই ভাষ্য শুধু সামরিক অর্জনের গৌরব নয়, এটি নির্বাচনী রাজনীতির অঙ্গ হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে যখন দেশের ভেতরে জাতীয়তাবাদের আবেগ তীব্রতর।
অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে এখনও এই বক্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া আসেনি,তবে ইসলামাবাদে কূটনৈতিক স্তরে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক চলার খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, সীমান্তের দুই প্রান্তেই জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা।
মতামত দিন