আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ২৪ জন।

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের টানা আগ্রাসনে বুধবার (২১ মে) আরও কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভোর থেকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

শহরটির অন্তত ২০টি বাড়িঘরে টার্গেট করে চালানো হয় ভয়াবহ বিমান ও স্থল হামলা।

এর আগের দিন, মঙ্গলবার তেলআবিবের বিমান হামলায় প্রাণ হারান অন্তত ৯৮ জন ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ, খাবার ও চিকিৎসাসামগ্রী—ফলে যুদ্ধাহত ও অসুস্থদের পাশাপাশি অনাহারে মারা যাচ্ছেন বহু সাধারণ মানুষ।

জাতিসংঘ জানিয়েছে, ২ মার্চের পর থেকে অপুষ্টি, ওষুধের সংকট ও চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২৬ জনের। শিশু ও বৃদ্ধরাই এর প্রধান ভুক্তভোগী।

এদিকে, চলমান হামলা থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। বরং প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, "গাজা সীমান্তবর্তী অঞ্চলে অভিযান আরও বিস্তৃত হবে, যেখানে হামাস এখনও সক্রিয় রয়েছে।"

যুদ্ধপীড়িত গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসের মুখে থাকা এই উপত্যকায় মানবিক বিপর্যয় দিনকে দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।

মতামত দিন