ঢাকা-করাচি রুটে এয়ার সিয়ালকে সরাসরি ফ্লাইটের অনুমোদন দিলো বেবিচক।
ঢাকা-করাচি রুটে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার সিয়াল’কে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছে বেবিচকের দায়িত্বরত সূত্র।
সূত্রের খবর, এয়ার সিয়ালকে তাদের ফ্লাইট পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী তারা জিএসএ (জেনারেল সেলিং এজেন্ট) নিয়োগ করে ফ্লাইটের স্লটের জন্য আবেদন করবে।শুধু পাকিস্তান নয়,এয়ার সিয়ালের মাধ্যমে পাকিস্তানে ট্রানজিট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বাংলাদেশের যাত্রীরা।
এর আগে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’ (পিআইএ) ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পরিচালনা করত। তবে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় এবং আর্থিক ক্ষতির কারণে ওই বছরই পিআইএ ঢাকা-করাচি রুটটি বন্ধ করে দেয়।
উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ জাল মুদ্রা চোরাচালানের অভিযোগে পিআইএর ঢাকা স্টেশনের ব্যবস্থাপক আলী আব্বাসকে আটক করে তাকে পাকিস্তানে ফেরত পাঠায়। ওই ঘটনার পর পিআইএর ঢাকার কার্যালয়ে কয়েক দফা তল্লাশি চালানো হয়। এরপর থেকে পিআইএর ফ্লাইট পরিচালনা বন্ধ হয়।
অন্যদিকে, ২০১৫ সালের আগস্টে যাত্রা শুরু করে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা এয়ার সিয়াল,যা এখন ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।
এটি দুই দেশের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে নতুন গতি এনে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন