আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

চালের দাম নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন জাপানের কৃষিমন্ত্রী।

চালের দাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে জাপানে জনরোষের মুখে পড়েছেন দেশটির কৃষিমন্ত্রী তাকু ইতো। চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে চাল সংক্রান্ত বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হলে, অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি।

স্থানীয় সময় রোববার (১৮ মে) একটি রাজনৈতিক ফান্ডরেইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইতো বলেন, তাকে কখনও চাল কিনতে হয়নি, বরং তার সমর্থকরাই তাকে নিয়মিত চাল উপহার দেন। মন্তব্যটি দ্রুতই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিশেষ করে এমন এক সময়ে এই মন্তব্য এলো, যখন জাপানে চালের দাম আশঙ্কাজনকভাবে বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চাপে রয়েছেন। জনপ্রিয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজ ও এনএইচকে ঘটনাটি প্রথম তুলে ধরার পর তা নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক শুরু হয়। অনেকেই ইতোকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন ও নির্লিপ্ত বলেও আখ্যা দেন।

সোমবার (১৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ইতো বলেন, “আমি ভুলভাবে কথা বলেছি। আসলে জনগণকে আনন্দিত করতে গিয়ে কথাটা বাড়িয়ে বলেছিলাম।” তিনি আরও জানান, তার স্ত্রীও ফোন করে তাকে এই মন্তব্যের জন্য ভর্ৎসনা করেছেন। “আমার এমন কিছু বলা ঠিক হয়নি, আমি দুঃখিত,”—বলেন তিনি।

প্রসঙ্গত, জাপানের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এমন অবস্থায় মন্ত্রীর মন্তব্যকে অনেকেই সাধারণ মানুষের কষ্টকে অবমূল্যায়ন করার শামিল বলে দেখছেন।

মতামত দিন