অর্থনীতি
ছবি: সংগৃহীত

৬০ বছর পূর্ণ হলে পেনশন স্কিম থেকে এককালীন টাকা তোলার সুযোগ।

এখন থেকে জাতীয় পেনশন স্কিমে অংশ নেওয়া চাঁদাদাতারা ৬০ বছর বয়স পূর্ণ করলে তাঁদের জমা অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তুলতে পারবেন। এতদিন এই সুযোগ ছিল না।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ও পেনশন বোর্ডের চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এককালীন অর্থ তোলার পরও নিয়ম অনুযায়ী মাসিক পেনশন সুবিধা চালু থাকবে।

পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দিন খান বলেন, ‘যাঁরা এককালীন ৩০ শতাংশ অর্থ তুলবেন না, তাঁদের মাসিক পেনশনের পরিমাণ বেশি হবে।’

সভায় আরও যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

চাঁদা কমানো: প্রবাস ও প্রগতি স্কিমে অংশগ্রহণকারীদের জন্য সর্বনিম্ন মাসিক চাঁদা ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

সর্বোচ্চ চাঁদা বৃদ্ধি: প্রগতি স্কিমে সর্বোচ্চ মাসিক চাঁদার সীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তি: সেবা চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে।

আন্তর্জাতিক সদস্যপদ: পেনশন কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের (ISSA) সদস্যপদ গ্রহণ করবে।

ইসলামিক স্কিম চালুর উদ্যোগ: সর্বজনীন পেনশন স্কিমের ইসলামিক সংস্করণ চালুর সম্ভাবনা যাচাই করে পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

মতামত দিন