এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব রাষ্ট্রীয় কোম্পানির।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি এলপি গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা যোগ করে নতুন মূল্য ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি গ্যাসের দাম কম হওয়ায় ক্রসফিলিংয়ের সমস্যা তৈরি হচ্ছে। এ কারণেই মূল্য সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ আবেদন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন তারা ক্রসফিলিং বন্ধ করা, ডিলার পর্যায়ের পরিবহন ব্যয়, পরিচালন খরচ ও বিভিন্ন চার্জ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেছিল।
তবে সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ওই প্রস্তাব অনুমোদন করেনি।

মতামত দিন