মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে তেলের দাম দু’সপ্তাহে ৩০ শতাংশ বৃদ্ধি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের বাজারে অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে। চলতি সপ্তাহে আন্তর্জাতিক ক্রুড তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৩ মার্কিন ডলার অতিক্রম করেছে, যা গত দুই বছরে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। তেলের দাম এক সপ্তাহে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও দুর্বল নিয়োগ তথ্যের কারণে পতনের মুখে।
ব্রেন্ট নর্থ সি ক্রুডের বাজারে দাম এই সপ্তাহে ৮.৫ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং বর্তমানে প্রতি ব্যারেল ৯২.৬৯ ডলার রেকর্ড করা হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডও ৯০ ডলারের বেশি হয়ে, এক সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড গড়েছে।
বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খাত প্রভাবিত হচ্ছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য ব্যবহৃত হয়, বর্তমানে কার্যত বন্ধ রয়েছে। তেল উত্তোলনকারী অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ ও উত্তর ইরাকে হামলার কারণে একটি মার্কিন পরিচালিত ক্ষেত্র উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এছাড়া কুয়েতও আংশিকভাবে উৎপাদন হ্রাস করেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, দীর্ঘ সময়ের জন্য তেলের মূল্য এই হারে বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সমন্বয় করার ক্ষমতাও সীমিত হতে পারে।

মতামত দিন