অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিনিময় হারে নমনীয়তা আনছে বাংলাদেশ ব্যাংক,আইএমএফ দেবে ঋণের কিস্তি।

মার্কিন ডলারের বিনিময় হারে আরও নমনীয়তা আনছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

এর বিনিময়ে আইএমএফ তাদের চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে দুই কিস্তিতে ১৩০ কোটি ডলার দিতে যাচ্ছে। আগামী মাস, অর্থাৎ জুনের মধ্যেই এই অর্থ ছাড় হতে পারে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর  ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে যেভাবে ডলারের বিনিময় হার নির্ধারিত হচ্ছে, ভবিষ্যতেও সেই ‘ক্রলিং পেগ’ পদ্ধতি বজায় থাকবে।এই ব্যবস্থায় প্রতি ডলারের বিপরীতে ১১৯ টাকার ভিত্তিমূল্যের সঙ্গে ২ দশমিক ৫ শতাংশ বাড়া-কমার সুযোগ রাখা হয়েছে। ফলে সর্বোচ্চ বিনিময় হার দাঁড়াচ্ছে প্রায় ১২৩ টাকা।

২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে বাংলাদেশের ঋণ কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। বাকি রয়েছে ২৩৯ কোটি ডলার। তবে চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি কয়েক মাস ধরে আটকে ছিল।

আইএমএফের সঙ্গে বিনিময় হার নিয়ে দীর্ঘ দর-কষাকষি চলে। ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আইএমএফের একটি মিশন ঢাকা সফর করলেও কোনো সমঝোতা হয়নি। আলোচনা গড়ায় ওয়াশিংটনে ২১–২৬ এপ্রিল অনুষ্ঠিত বসন্তকালীন বৈঠকেও। পরে ৫ ও ৬ মে ভার্চ্যুয়াল বৈঠক হয়, সেখানেও সমঝোতা হয়নি।

তবে বাংলাদেশ ব্যাংক বিনিময় হারে নমনীয়তা আনতে রাজি হওয়ার পর পরিস্থিতির অগ্রগতি ঘটে। বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ—উভয় পক্ষ থেকেই শিগগিরই ঋণ ছাড়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

মতামত দিন