বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোস্তাকুর রহমান।
মোস্তাকুর রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান বর্তমানে হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি করপোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ক্ষেত্রে বিশেষ দক্ষতা সম্পন্ন। এছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে মোস্তাকুর রহমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), রিহ্যাব ও আটাবের মতো ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো মেম্বার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ধারা ১০(৫)-এর ভিত্তিতে মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছেড়ে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন