আহসান মনসুরের নিয়োগ বাতিল, জারি হলো নতুন গভর্নরের প্রজ্ঞাপন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বড় পরিবর্তন এনেছে সরকার। ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট সময় বাতিল করা হয়েছে এবং তার স্থলে মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা নথিতে বলা হয়েছে, পূর্বের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের আলোকে মনসুরের দায়িত্বের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাকুর রহমান এফসিএমএ অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন তিনি চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকেই গ্রহণ করবেন। নিয়োগের বিস্তারিত শর্ত আলাদা চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
জানা গেছে, নতুন গভর্নর মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্য এবং ‘হেরা সোয়েটার্স’ নামের একটি পোশাক কারখানার মালিক। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন।
এদিকে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন ড. আহসান এইচ মনসুর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি পদত্যাগ করেননি; বিষয়টি গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেন।
সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে এলেও অপসারণের খবর ছড়িয়ে পড়ার পর তিনি সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই দ্রুত কার্যালয় ত্যাগ করেন। এতে কেন্দ্রীয় ব্যাংকে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯ আগস্ট তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। পরে ১৩ আগস্ট ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মতামত দিন