অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার নতুন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে দায়িত্ব দিয়েছেন। এ নিয়োগের মাধ্যমে পূর্ববর্তী গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্বভার বদল হয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

মোস্তাকুর রহমান একজন প্রশিক্ষিত কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে তিনি বিকম (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯২ সালে আইসিএমএবি’র সদস্যপদ অর্জন করে পেশাগত যোগ্যতা সম্পন্ন হন।

৩৩ বছরের বেশি সময় ধরে মোস্তাকুর রহমান করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ব্যাংকিং খাতের কার্যক্রম, মূলধন ব্যবস্থাপনা এবং আর্থিক তদারকিতেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তিনি বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— বিজিএমইএ, রিহ্যাব, এট্যাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এছাড়া তিনি বিজিএমইএ-এর বাংলাদেশ ব্যাংক–সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এখানে তিনি করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থায়ন, ব্যাংকিং সম্পর্ক এবং অভ্যন্তরীণ আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার তদারকি করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং ব্যাংকিং ও অর্থনীতির জ্ঞানের সংযোজন কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি আনবে।

মতামত দিন