নগদের টেকসই ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ অপরিহার্য: বাংলাদেশ ব্যাংক।
নগদ বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকলেও, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে দীর্ঘমেয়াদে সংস্থাটিকে শক্তিশালী ও টেকসই রাখতে বড় পরিমাণ বিনিয়োগ আবশ্যক। এটি স্থানীয় উৎস হোক বা বিদেশি, যেকোনো বিনিয়োগই সংস্থার জন্য সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে সকালে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন, যেখানে নগদে বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এক সময়ে নগদ বড় সংকটের মুখোমুখি হয়েছিল। তবে প্রতিষ্ঠানটির বিশাল গ্রাহকভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক ও প্রশাসক টিম নিয়োগ দেয়। দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে আর্থিক সূচক ও লেনদেনের তথ্যসহ সংস্থার কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি দেখা দিয়েছে।
তবে তিনি স্পষ্ট করেন, এই উন্নতি স্থায়ী নয়। নগদকে শক্ত ও টেকসইভাবে দাঁড় করাতে বড় বিনিয়োগ অপরিহার্য। দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান হিসেবে, নগদ টিকে না থাকলে বাজারে একচেটিয়া পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা গ্রাহকদের জন্য ক্ষতিকর হবে।
তিনি আরও জানান, অতীতে নগদে বিদেশি বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সে সময় বাংলাদেশ ব্যাংকের সম্মতি ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে প্রক্রিয়াটি শেষ করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন সরকারের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নগদে আগে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আরিফ হোসেন খান বলেন, নগদের মালিকানা বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে জড়িত, যা একটি সরকারি প্রতিষ্ঠান। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সরকারের হাতে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী সরকারের সঙ্গে পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করবে।
মতামত দিন