অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিদেশে থাকা করদাতাদের জন্য এনবিআরের ই-রিটার্ন সুবিধা চালু।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআর এক বিজ্ঞপ্তিতে নতুন রেজিস্ট্রেশন সুবিধার কথা জানিয়েছে।

নতুন ব্যবস্থায় মোবাইল ওটিপি ছাড়াও, করদাতার নিজস্ব ই-মেইলে OTP পাঠানো হবে। এর মাধ্যমে তারা পাসওয়ার্ড রিসেট এবং ই-রিটার্নে নিবন্ধন করতে পারবেন। যারা আগে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্যই এই ই-মেইল ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:
বিদেশে থাকা করদাতাদের তাদের নিজস্ব ই-মেইল থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় আবেদন পাঠাতে হবে। আবেদনের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে:

  • পাসপোর্টের কপি

  • জাতীয় পরিচয়পত্রের কপি

  • ভিসা পৃষ্ঠার কপি

  • বিদেশে বর্তমান ঠিকানা

  • বিদেশে ব্যবহৃত মোবাইল নম্বর

  • সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ

এনবিআর আবেদন যাচাই-বাছাই করার পর ই-মেইল ভেরিফাই করলে, প্রাপ্ত OTP ব্যবহার করে করদাতা পাসওয়ার্ড রিসেট, নিবন্ধন এবং ই-রিটার্নসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

২০২৫-২৬ করবর্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল সহজ হওয়ায় ইতিমধ্যেই প্রায় ৩৯ লাখ রিটার্ন জমা পড়েছে। এনবিআর সব ব্যক্তি করদাতাকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য আহ্বান জানিয়েছে।

মতামত দিন