চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ক্রয় করেছে ৫৩৮ কোটি ডলার।
২০২৫-২৬ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সমর্থন দিতে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৫ দশমিক ৩৮ বিলিয়ন (৫৩৮ কোটি) মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রোববার (২২ ফেব্রুয়ারি) জানান, আজ ৮টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১২৩ মিলিয়ন ডলার কেনা হয়েছে, যা ১২২ টাকা ৩০ পয়সা কাটঅফ রেটে হয়েছে।
এই ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে।
রেমিট্যান্সের প্রবাহও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে প্রায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। এর আগে ২০২৫ সালের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ডলারের দরপতন রোধ ও রপ্তানিকারকদের সহায়তার জন্য বাজার থেকে নিয়মিত ডলার কেনা হচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনার কার্যক্রম শুরু হয়েছে।
মতামত দিন