ঋণ পুনর্বিন্যাসে শিথিলতা,আংশিক ডাউন পেমেন্টের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।
নিজেস্ব প্রতিবেদক:
আর্থিক চাপে থাকা ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর জন্য সহায়ক নীতিমালা আরও নমনীয় করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক নতুন কিছু সুবিধা ঘোষণা করে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঋণ পুনঃতফসিল বা এক্সিট সুবিধা নিতে চাইলে পুরো ডাউন পেমেন্ট একসঙ্গে পরিশোধ বাধ্যতামূলক থাকছে না। অর্থায়নকারী প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে নির্ধারিত ডাউন পেমেন্টের অর্ধেক অর্থ জমা দিয়েই আবেদন করা যাবে। অবশিষ্ট ৫০ শতাংশ পরিমাণ অর্থ সুবিধা কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে পরিশোধ করা যাবে।
এছাড়া যেসব প্রতিষ্ঠানের জন্য আগে নীতি সহায়তা অনুমোদিত হয়েছিল কিন্তু বাস্তব কারণে তা নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর করা সম্ভব হয়নি, তাদের ক্ষেত্রে বাড়তি সময় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে অতিরিক্ত তিন মাস সময় বাড়াতে পারবে।
সুদ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের হাতে রাখা হয়েছে। বিদ্যমান নীতিমালার আওতায় ব্যাংকার-গ্রাহক সম্পর্ক বিবেচনা করে তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।
ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, এই শিথিল নীতির ফলে আর্থিক সংকটে থাকা বহু শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান পুনরায় কার্যক্রম স্বাভাবিক করার সুযোগ পাবে এবং অর্থনীতিতে গতি ফিরবে।

মতামত দিন