১২ কোটি ৩০ লাখ ডলার ক্রয় করলো বাংলাদেশ ব্যাংক।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক দেশের ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটি ৩০ লাখ ডলার কিনেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ডলার ক্রয় করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সার হারে।
ডলারের এই ক্রয়ের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে ৩৪.৭৭ বিলিয়ন ডলার হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.০৬ বিলিয়ন ডলারে।
দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল ২০২১ সালের আগস্টে। এরপর ধারাবাহিকভাবে কমে গিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের সময় ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে।
খাত সংশ্লিষ্টরা জানান, রেমিট্যান্স এবং ডলার ক্রয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। চলতি মাসের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ২৩০ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৬০ শতাংশ বেশি।
চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৪৫.১০ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় ২,১৭৪ কোটি ডলার হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১.৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি রয়েছে। ডলারের দাম অস্বাভাবিকভাবে কমে না যাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার ক্রয় করে বাজারে ভারসাম্য বজায় রাখছে। ডলারের দর কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। ডলার কেনার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।

মতামত দিন