অর্থনীতি
ছবি: সংগৃহীত

‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তি ও অবৈধ কার্যক্রমে জড়ানো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে সতর্ক করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার সদৃশ তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার করে মিথ্যা প্রচারণা ও অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানিয়েছে, সম্প্রতি Facebook, YouTube এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে।

এসব কনটেন্টে আসল নোটের ডিজাইন ও আকারের সঙ্গে মিল রেখে বড় আকারের ‘নমুনা নোট’ দেখানো হচ্ছে। একটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং অবৈধ বিপণন কার্যক্রম পরিচালনা করছে।

বাজারে বা জনসমাগমস্থলে আসল টাকার সদৃশ কোনো কাগজ বা নোট ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ। কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সাধারণ জনগণকে নির্দেশ দিয়েছে, আসল নোটের সদৃশ কোনো কাগজ তৈরি, ব্যবহার বা প্রচার থেকে বিরত থাকতে হবে। এছাড়া, সামাজিক মাধ্যমে প্রচারিত আর্থিক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করারও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং জালিয়াতি এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য ও চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন