অর্থনীতি
ছবি: সংগৃহীত

ঢাকার পানিদূষণ কমাতে বিশ্বব্যাংকের ৩৭ কোটি ডলারের অর্থায়ন অনুমোদ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার নদী-খাল পুনরুদ্ধার ও পানিদূষণ কমানোর লক্ষ্যে বিশ্বব্যাংক ৩৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। এই অর্থ স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পানিদূষণ কমানো এবং ঢাকা ও আশপাশের জলাধার পুনরুদ্ধারে ব্যয় করা হবে।

মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পানিনিরাপত্তা ও সহনশীলতা কর্মসূচি”র আওতায় স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা জোরদার করে ঢাকার পানি দূষণ নিয়ন্ত্রণে কাজ করা হবে।

প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাবেন এবং ৫ লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা পাবেন। দূষণ ও সেবাঘাটতি বেশি থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম জানান, দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে বর্জ্যপানি ব্যবস্থাপনা মারাত্মক চাপে রয়েছে, যা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রকল্প ঢাকার নদী ও খালের স্বাস্থ্য পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে।

বর্তমানে ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দার পয়োনিষ্কাশন পাইপলাইনে সংযুক্ত, বাকি ৮০ শতাংশ অপরিশোধিত বর্জ্য আশপাশের জলাশয়ে গিয়ে পড়ছে। এছাড়া ৭ হাজারের বেশি রপ্তানিমুখী কারখানা থেকে প্রতিদিন প্রায় ২৪০ কোটি লিটার বর্জ্যপানি জলাশয়ে মিশছে, যা জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি করছে।

মতামত দিন