অর্থনীতি
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির শুরুতেই রেমিট্যান্সে জোর প্রবাহ, এক সপ্তাহে এল ৭৯ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম সাত দিনে প্রবাসীরা মোট ৭৯ কোটি ২৯ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

প্রতি ডলার ১২২ টাকা হিসেবে যার মূল্য দাঁড়ায় প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ের পরিমাণ বেশি। তখন দেশে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। ফলে বছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

ব্যাংকভিত্তিক হিসাবে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি অর্থ এসেছে—৫৬ কোটি ৫৪ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ৪৮ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ১০ কোটি ১২ লাখ ডলার। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে তুলনামূলক কম, মাত্র ১৪ লাখ ডলার।

এদিকে কয়েকটি ব্যাংকের মাধ্যমে এ সময় কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের কয়েকটি ব্যাংক যেমন—আল-ফালাহ, হাবিব ব্যাংক লিমিটেড, এইচএসবিসি, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।

এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে প্রবাসী আয় এসেছিল ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড হয়। আর ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার এসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের ইতিহাস তৈরি হয়েছিল।

মতামত দিন