দুই দিনেই স্বর্ণে বড় ধস, ভরিতে কমল ৩০ হাজারের বেশি টাকা।
টানা ঊর্ধ্বগতির পর দেশের স্বর্ণবাজারে হঠাৎ বড় ধরনের সংশোধন দেখা দিয়েছে। রেকর্ড দামের পর মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম ৩০ হাজার টাকারও বেশি কমেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এক ধাপে ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানো হয়েছে। এর ফলে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই দর শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। সংগঠনটির ভাষ্য, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে এই দরপতন হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেট রুপার ভরি এখন ৭ হাজার ২৯০ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হবে ৬ হাজার ৯৪০ টাকায়, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা।
এর আগে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দিলে দেশের বাজারেও একের পর এক বাড়ানো হয় দাম। বৃহস্পতিবার সকালে এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। সেটিই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম, পাশাপাশি এক ধাপে এত বড় মূল্যবৃদ্ধির নজিরও আর ছিল না।

মতামত দিন