জানুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২.৪৭ বিলিয়ন ডলার।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ের ধারায় ইতিবাচক গতি দেখা যাচ্ছে। চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৪৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানের বরাতে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে দেশের মোট সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের রেমিট্যান্স জমা হয়নি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে একটি বিশেষায়িত, দুটি বেসরকারি এবং চারটি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্সশূন্য ব্যাংকগুলোর তালিকায় বিশেষায়িত খাত থেকে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে আল-ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া উল্লেখযোগ্য।
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারির প্রথম ২৪ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে সর্বাধিক—১৭৪ কোটি ৫৬ লাখ ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৪৪ লাখ ৬০ হাজার ডলার।
এর আগে, সদ্যসমাপ্ত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।
এ ছাড়া গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এ অঙ্ক ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। একইভাবে আগস্ট ও জুলাই মাসে দেশে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

মতামত দিন