গ্রিনল্যান্ড পরিকল্পনা ও বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে স্বর্ণের দাম ইতিহাসের শিখরে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডে আধিপত্য বিস্তার ও সম্ভাব্য বাণিজ্য শুল্ক প্রস্তাবের প্রভাব বিশ্ব বাজারে প্রকাশ পেয়েছে। এ কারণে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
রয়টার্স জানায়, বুধবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৮২১.২৬ ডলারে ওঠে, যা আগের দিনের তুলনায় ১.২ শতাংশ বেশি। দিন শেষে স্বর্ণের সর্বোচ্চ মূল্য ৪,৮৪৩.৬৭ ডলার পর্যন্ত স্পর্শ করে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। ফেব্রুয়ারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৮১৩.৫০ ডলারে পৌঁছেছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, “ট্রাম্পের পদক্ষেপে মার্কিন মুদ্রার ওপর আস্থা কমে গেছে। বিনিয়োগকারীরা নিরাপত্তার জন্য ডলার বা ট্রেজারি বন্ড বিক্রি করে স্বর্ণের দিকে ঝুঁকছেন।”
এশিয়ার শেয়ারবাজার তিনদিন ধরে পতনের মধ্যেই রয়েছে। একই সঙ্গে ইউরো ও সুইস ফ্রাঁর তুলনায় ডলারের মান তলানিতে নেমেছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা স্বর্ণ ক্রয়ে মনোনিবেশ করছেন।
দেশের বাজারেও নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই নতুন দাম ঠিক করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় বিক্রি হবে।

মতামত দিন