অর্থনীতি
ছবি: সংগৃহীত

নির্বাচন ও রমজান সামনে রেখে এলপিজি সরবরাহে কড়াকড়ি নির্দেশনা সরকারের।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচন ও রমজানকে ঘিরে জ্বালানি বাজারে কোনো ধরনের অনিশ্চয়তা সরকার বরদাশত করবে না—এমন অবস্থান স্পষ্ট করে এলপিজি খাতের ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে এলপিজি অপারেটরদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান, সামনের দুই মাসে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হবে।

এই সময় চাহিদা অনুযায়ী গ্যাস বাজারে না থাকলে সংশ্লিষ্টদের দায় এড়ানোর সুযোগ থাকবে না।

সভায় উপদেষ্টা বলেন, অপারেটররা জানুয়ারি ও ফেব্রুয়ারির জন্য যে আমদানির পরিকল্পনা জমা দিয়েছেন, তা বাস্তবায়নে কোনো ব্যত্যয় হলে সরকার কঠোর সিদ্ধান্ত নেবে। নির্বাচনকালীন সময় ও মাহে রমজানে ভোক্তাদের ভোগান্তি সৃষ্টি হলে সেটিকে গুরুতর ব্যর্থতা হিসেবে দেখা হবে।

তিনি আরও জানান, সরকার চায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে আমদানি ও সরবরাহ কার্যক্রম চালাক। এ জন্য আমদানি প্রক্রিয়া, পরিবহন কিংবা প্রশাসনিক জটিলতায় প্রয়োজন হলে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া হবে।

বৈঠকে অপারেটররা জানান, বৈশ্বিক বাজারের টানাপোড়েন ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে আমদানিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে তারা দাবি করেন, দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ সঠিক নয়।

তাদের ভাষ্য অনুযায়ী, চলতি মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি দেশে এলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরবে।

সভায় জ্বালানি বিভাগের সচিব, বিইআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, এলপিজির দাম, সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন