দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন আগের মতো দুর্বল নয়: অর্থ উপদেষ্টা
দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় নেই এবং ডলার বাজার স্থিতিশীল অবস্থায় রয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে গণভোট সংক্রান্ত ‘হ্যাঁ’ ভোট প্রচারণা মেলার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ড. সালেহউদ্দিন বলেন, “বিগত দশ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে-স্কেল নিয়ে কোনো কার্যক্রম হয়নি। আমরা পে-কমিশন গঠন করেছি এবং কাজ চলছে। দেশের অর্থনীতি চাঙা করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে ৩২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।”
তিনি আরও যোগ করেন, “পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখা জরুরি। দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হলে এটি বাস্তবায়ন সম্ভব হবে। এসব উদ্যোগ নির্বাচিত সরকার কার্যকর করবে।”
দুর্নীতির বিষয়েও মন্তব্য করে তিনি বলেন, “আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম উপভোগ করবে।” গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিয়ে ভুল ধারণার প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে মনে করছেন ‘হ্যাঁ’ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য। বাস্তবে এটি দেশের সব গণতন্ত্রকামী দলের জন্য প্রাসঙ্গিক এবং সুশাসন নিশ্চিত করার পথ। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে।”
মতামত দিন