বাজারে চাপ কমাতে বিপিসিকে এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার।
দেশে জ্বালানি বাজারে অস্থিরতা ও এলপিজির বাড়তি দামের প্রভাব মোকাবিলায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সরকার থেকে সরকার (জিটুজি) ব্যবস্থার আওতায় এই আমদানি কার্যক্রম পরিচালিত হবে। রোববার (১৮ জানুয়ারি) রাতে এ বিষয়ে গণমাধ্যমকে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, এলপিজি আমদানির জন্য বিপিসিকে অনুমতি দেওয়া হয়েছে এবং প্রাথমিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংস্থাটির চেয়ারম্যানকে মৌখিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে চিঠিও পাঠানো হবে।
উপদেষ্টা জানান, জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানি করা গেলে বাজারে সরবরাহ বাড়বে, যা মূল্য নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। এতে করে বর্তমান সংকট পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করছে সরকার।
মতামত দিন