জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ৫৭ শতাংশ, দেশে এসেছে ১.৮৬ বিলিয়ন ডলার।
২০২৬ সালের জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ ডলার, যা দৈনিক গড়ে ১০ কোটি ৯৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার (১৮ জানুয়ারি) জানান, গত বছরের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় হয়েছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানিয়ে বলেন, ১৫ থেকে ১৭ জানুয়ারির মধ্যে মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ১৬ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১,৮১২ কোটি ৯০ লাখ ডলারে, যা বছরের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।
এর আগে, গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয় বৃদ্ধি দেশের মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন