অর্থনীতি
ছবি: সংগৃহীত

এলপিজি আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে এলপিজির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক শিল্প কাঁচামাল হিসেবে এলপিজিকে স্বীকৃতি দিয়েছে। ফলে এলপিজি আমদানিতে দীর্ঘ মেয়াদে ঋণ সুবিধা নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) রবিবার এই নির্দেশনা সম্বলিত সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, এলপিজি সাধারণত বড় পরিমাণে (বাল্ক) আনা হয় এবং পরে সিলিন্ডারে ভর্তি করে ভোক্তাদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। আমদানির পর এই প্রক্রিয়ায় কিছু সময় লাগে।

নতুন নির্দেশনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এলপিজি আমদানিকে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করা হবে। ফলে আমদানিকারকরা সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ব্যবহার শর্তে ঋণের সুবিধা পাবেন। এছাড়া অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রেতা ঋণ সুবিধা নিশ্চিত করার জন্য প্রযোজ্য বৈদেশিক মুদ্রা নীতি অনুযায়ী কাজ করবে।

এছাড়া তপশিলি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ)-এর মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও গ্রহণ করা সম্ভব হবে। এর আগে ২৯ ডিসেম্বর শিল্প কাঁচামাল আমদানি নিয়ে ২৭০ দিনের ইউজান্স সুবিধা দেওয়া হয়েছিল, এবার এলপিজিকেও সেই সুযোগ প্রসারিত করা হলো।

বাংলাদেশ ব্যাংক এই নতুন নীতি দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। ফলে এলপিজি আমদানির প্রক্রিয়া সহজ ও দ্রুত হওয়ার আশা করা হচ্ছে।

মতামত দিন