বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নিম্নমুখী। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের শক্ত অবস্থান এবং দেশটির আসন্ন কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বাজারে সতর্কতা বাড়ায় স্বর্ণে বিনিয়োগের গতি কমেছে।
রয়টার্স জানায়, আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার ভোরে লেনদেনের এক পর্যায়ে স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৪২৩ দশমিক ২০ ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কম। একই সময় ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত স্বর্ণ ফিউচারও প্রায় একই হারে কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩২ ডলারে লেনদেন হয়।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলারের মান বাড়লে অন্য মুদ্রাধারী দেশগুলোর জন্য স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবেই বৈশ্বিক চাহিদায় চাপ তৈরি হয়। এর ধারাবাহিকতায় বুধবারও স্বর্ণের দর কমেছিল।
বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা ও ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা থাকা সত্ত্বেও আপাতত স্বর্ণবাজারের গতিপথ নির্ধারণ করছে ডলারের শক্ত অবস্থান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ঘিরে বিনিয়োগকারীদের হিসাব-নিকাশ।

মতামত দিন