ব্যাংকের সব শাখা-উপশাখার জন্য নারী গ্রাহক ও কর্মীদের জন্য আলাদা ওয়াশরুম বাধ্যতামূলক।
কর্মক্ষেত্রে নারীদের সুবিধা নিশ্চিত করতে দেশের সব তপশিলি ব্যাংককে নারীবান্ধব ওয়াশরুম স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারী কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকে সেবা নিতে আসা নারীদের দৈনন্দিন ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। পরে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্কুলারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক অফিস, শাখা ও উপশাখাগুলোতে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম থাকা জরুরি। বাস্তবে অনেক শাখায় এ ধরনের সুবিধা না থাকায় নারী কর্মী ও গ্রাহকরা নিয়মিত সমস্যার মুখে পড়ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, সব ব্যাংক কার্যালয়ে নারীদের জন্য পৃথক ও ব্যবহারযোগ্য ওয়াশরুম নির্মাণ করতে হবে। যেসব স্থাপনায় ওয়াশরুম আছে, সেখানে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে এবং নিয়মিতভাবে স্যানিটারি সামগ্রী সরবরাহ রাখতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকিং খাতে নারীদের জন্য নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হলো।

মতামত দিন