অর্থনীতি
ছবি: সংগৃহীত

পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টে ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশে ভ্রমণকারী যাত্রীদের পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সার্ভিস চার্জ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা এই সেবার জন্য সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নিতে পারবেন না।

বুধবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনুমোদিত মানি চেঞ্জাররা বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটার আওতায় বৈদেশিক মুদ্রা নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক বিক্রি করতে পারবেন। মুদ্রা বিক্রির প্রতিটি লেনদেন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে যথাযথভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। একই সঙ্গে মানি চেঞ্জারের অনুমোদিত ব্যক্তির সিল ও স্বাক্ষর থাকতে হবে।

গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এই খাতে কয়েকটি নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, এনডোর্সমেন্ট ফি বাবদ যেকোনো পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষেত্রেই সর্বোচ্চ ৩০০ টাকার বেশি নেওয়া যাবে না।

এ ছাড়া প্রতিটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এনডোর্সমেন্ট ফি সংক্রান্ত তালিকা টানিয়ে রাখতে হবে। ফি আদায়ের পর গ্রাহককে অবশ্যই লিখিত রসিদ দিতে হবে। পাশাপাশি নিরীক্ষা ও তদারকি সংস্থার প্রয়োজনে ফি আদায়ের সঠিক হিসাব ও প্রয়োজনীয় নথি সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের মে মাসে একই ধরনের নির্দেশনা ব্যাংকগুলোর জন্য জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন