করদাতাদের জন্য এনবিআর চালু করলো অনলাইন ভ্যাট রিফান্ড সুবিধা।
দেশের করদাতাদের সুবিধার জন্য এবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাটের পাওনা টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে ফেরত দেওয়ার নতুন ব্যবস্থা চালু করেছে। এর ফলে আর কারো ভ্যাটের জন্য অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
এনবিআর জানিয়েছে, নতুন ‘রিফান্ড মডিউল’ e-VAT সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এটি iBAS++ ও বাংলাদেশ ব্যাংকের BEFTN নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। আবেদন অনুমোদনের পর করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অর্থ পাঠানো হবে।
মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমে করদাতারা সহজেই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিশনারেট যাচাই-বাছাই শেষে অনুমোদিত অর্থ সরাসরি ব্যাংকে চলে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার অ্যাকাউন্টে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা রিফান্ড হিসেবে জমা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করদাতা প্রতিনিধি এবং সাংবাদিকরা।
এনবিআর আশা করছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো রিফান্ড প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হবে এবং করদাতারা ঘরে বসেই তাদের পাওনা টাকা নিতে পারবেন।

মতামত দিন