অর্থনীতি
ছবি: সংগৃহীত

এলপি গ্যাসের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে: জ্বালানি উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বাজারে হঠাৎ করে এলপি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের অনৈতিক কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম সীমিত পরিসরে সমন্বয় করেছে। তবে সেই সম্ভাবনাকে কেন্দ্র করে এক শ্রেণির ব্যবসায়ী আগেভাগেই মজুত ও দাম বাড়ানোর পথে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

তার ভাষ্য অনুযায়ী, বাস্তবে এলপি গ্যাসের দামে বড় ধরনের অস্থিরতা তৈরির মতো কোনো যৌক্তিক কারণ নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করেই দাম বাড়ানো হয়েছে।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের সব জেলায় এলপি গ্যাসের মূল্য তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এজন্য কেবিনেট সেক্রেটারিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কারসাজির সঙ্গে কারা জড়িত—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি দুই পর্যায়ের ব্যবসায়ীরাই সম্মিলিতভাবে এই অনিয়মের সঙ্গে জড়িত।

মতামত দিন