অর্থনীতি
ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিলেন আসিফ বিন ইদ্রিস।

নিজেস্ব প্রতিবেদক:

ব্যাংকিং খাতে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ বিন ইদ্রিস।

একই সঙ্গে কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমের সার্বিক দায়িত্বও তার ওপর ন্যস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে ব্যাংকিং পেশায় যুক্ত থাকা আসিফ বিন ইদ্রিস কৌশল নির্ধারণ, ব্যবসা সম্প্রসারণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন পেশাজীবী। ব্র্যাক ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে কমার্শিয়াল ব্যাংকিং বিভাগের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে আন্তর্জাতিক ও বেসরকারি ব্যাংকে। এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডে দায়িত্ব পালনকালে কর্পোরেট গ্রাহক ব্যবস্থাপনা ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নতুন নিয়োগ নিয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, আসিফ বিন ইদ্রিসের বাস্তব অভিজ্ঞতা ও নেতৃত্ব ব্যাংকের কর্পোরেট ও কমার্শিয়াল ব্যাংকিং কার্যক্রমে নতুন গতি আনবে। গ্রাহককেন্দ্রিক সেবা এবং শক্তিশালী পোর্টফোলিও গঠনে তার দক্ষতা ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষাজীবনে আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস সম্পন্ন করেছেন তিনি। ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা বিষয়ে দেশে-বিদেশে একাধিক বিশেষায়িত প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

মতামত দিন