বাংলাদেশ ব্যাংকের পরিচালকের পদে পদোন্নতি পেলেন মো. ওয়াহেদুজ্জামান সরদার।
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদারকে নতুন দায়িত্বে পরিচালকের পদে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে।
২০০১ সালে ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন মো. ওয়াহেদুজ্জামান। প্রথমদিকে তিনি অভ্যন্তরীণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি বিভাগের বিভিন্ন বিষয় দেখাশোনা করতেন, যেখানে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং অন্তর্ভুক্ত ছিল।
পরবর্তী সময়ে ২০০৫ সালে তিনি মনিটারি পলিসি বিভাগে স্থানান্তরিত হন। সেখানে তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং ও বিশ্লেষণ বিভাগের দায়িত্ব পালন করেছেন।
অর্থনীতি ও ফাইন্যান্সের ক্ষেত্রে তার গবেষণা বিস্তৃত। জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্র ঋণ, কৃষিঋণ এবং মোবাইল ব্যাংকিংসহ ১৫টির বেশি প্রবন্ধ তিনি দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন।
এছাড়া সঞ্চয়পত্রের গ্রাহক সম্পর্কিত আর্থসামাজিক বিশ্লেষণ, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং ভোক্তাঋণ সংক্রান্ত বিভিন্ন গবেষণা কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মতামত দিন