অর্থনীতি
ছবি: সংগৃহীত

আবারও বাড়ল সোনার দাম,মঙ্গলবার থেকে কার্যকর নতুন দাম।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মঙ্গলবার ৬ মে থেকে কার্যকর হবে।

সোমবার ৫ মে সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে, ৩ মে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিপ্রতি ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা, যা ৪ মে থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ২৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৮ বার। ২০২৪ সালে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়।

মতামত দিন