অর্থনীতি
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই দাম কমলো স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

নতুন বছরের শুরুতে স্বর্ণের দামে ফের কাটছাঁটের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বশেষ স্বর্ণের দর সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে, আর ২৯ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বাজুস।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৩২ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় হয়েছে ১৩ বার, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দাম বেড়েছে।

মতামত দিন