জানুয়ারিতে জ্বালানি তেলে স্বস্তি, সব ধরনের তেলের দাম কমাল সরকার।
নতুন বছরের শুরুতেই ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ বুধবার গভীর রাতে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন মূল্যহার জানায়। সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলই কম দামে বিক্রি হচ্ছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রাখতে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় জানুয়ারির জন্য দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তা পর্যায়ে তুলনামূলক কম দামে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০৪ টাকা। কেরোসিনের দাম লিটারপ্রতি ১১৪ টাকা, যা ২ টাকা কমেছে। একইভাবে অকটেনের দাম কমে দাঁড়িয়েছে ১২২ টাকা এবং পেট্রোল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১১৮ টাকায়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসেই আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে।

মতামত দিন