বুধবার ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
আগামীকাল, বুধবার, ব্যাংক হলিডের কারণে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক লেনদেন বন্ধ রাখবে। একই কারণে প্রধান দুটি পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—তেও শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। মূলত বার্ষিক হিসাব মিলানো এবং অর্থবছরের লেনদেন চূড়ান্ত করার জন্য এই ছুটি নির্ধারিত।
ছুটির দিনে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকলেও গ্রাহক লেনদেন পরিচালিত হয় না। কিছু প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা হিসাব মিলানোর জন্য খোলা থাকতে পারে, কিন্তু কোনো গ্রাহক লেনদেন সম্পন্ন হবে না। একইভাবে, বাংলাদেশ ব্যাংকও এদিন কোনো ব্যাংকের সঙ্গে লেনদেন পরিচালনা করবে না।
যেহেতু শেয়ারবাজারে লেনদেনের নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হয়, ব্যাংক বন্ধ থাকায় ডিএসই ও সিএসই-তে শেয়ার কেনাবেচা আগামীকাল বন্ধ থাকবে। তবে, পুঁজিবাজারের অন্যান্য প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। গ্রাহকরা সীমার মধ্যে এটিএম ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

মতামত দিন