অর্থনীতি
ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী প্রেরিত রেমিট্যান্স ছাড়াল ২৭৫ কোটি ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা প্রেরণ করেছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ডলার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে পাঠানো হয়েছে ১৯৯ কোটি ২২ লাখ ডলার। এছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৯ লাখ ডলার।

তবে ৭টি ব্যাংক এ সময়ে কোনো রেমিট্যান্স গ্রহণ করতে পারেনি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক। বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতের আল ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অন্তর্ভুক্ত।

বিশেষজ্ঞরা বলছেন, বৈধ ও অবৈধ (হুন্ডি) বাজারের বিনিময় হার কমে আসা এবং মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ায় রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১৩ দশমিক ০৩ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের ১১ দশমিক ১৩ বিলিয়নের চেয়ে বেশি।

মতামত দিন