আগামী সপ্তাহেই নতুন ব্যাংকে যাবে পাঁচ ব্যাংকের সব হিসাব।
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের হিসাব নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক-এ স্থানান্তরের কাজ শেষের পথে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই সব অ্যাকাউন্ট হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান এক বিবৃতিতে জানান, স্থানান্তর শেষ হলে গ্রাহকদের আলাদা কোনো আবেদন ছাড়াই সব আমানত স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকের হিসাবে যুক্ত হয়ে যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রক্রিয়া শেষ হওয়ার পর গ্রাহকরা আগের মতোই তাদের পুরোনো চেক বই ব্যবহার করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে হিসাবের সব টাকা নিরাপদ থাকবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী আমানতের ওপর মুনাফাও পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, রাষ্ট্রীয় মালিকানার আওতায় আসায় নতুন ব্যাংকটির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। এতে হঠাৎ করে আমানত তুলে নেওয়ার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশাবাদী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুর্বল ও সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে একত্র করে একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলাই সরকারের সামগ্রিক সংস্কার উদ্যোগের অংশ। এর মূল উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরানো এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠন করা।
মতামত দিন