রেমিট্যান্স প্রবাহে বড় সুখবর, এপ্রিলেও শক্তিশালী অর্জন।
গত এপ্রিল মাসে দেশে বৈধ পথে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
রোববার (৪ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে দেশে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার এসেছে ২০২৩ সালের ডিসেম্বর মাসে।
গত ১০ মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি ও অন্যান্য অবৈধ পথে অর্থ প্রেরণ রোধে সরকার ও ব্যাংকিং খাতে কড়াকড়ি আরোপের ফলে বৈধ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১ হাজার ১১৯ কোটি টাকা রেমিট্যান্স এসেছে, যা দেশের অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন