অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের নতুন ইতিহাস, দেশেও দামে ঊর্ধ্বগতি অব্যাহত।

নিজেস্ব প্রতিবেদক:

নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ডলারের দুর্বলতা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাবে মূল্যবান এই ধাতুর দর নতুন রেকর্ড গড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম এক পর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে উঠে যায়। যুক্তরাষ্ট্রে কোয়ার্টার-পয়েন্ট সুদ কমানো এবং আগামীতে আরও হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে।

ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় অঙ্কে স্বর্ণ কেনার কারণে চলতি বছরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, এই ধারা আগামী বছরেও অব্যাহত থাকতে পারে।

এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা দাম বাড়িয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ।

এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ভরি প্রতি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকায়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬০ বারই দাম বেড়েছে।

মতামত দিন