নতুন বাহন দেশের সড়কে, কিলোমিটারে খরচ মাত্র ৩ টাকারও কম।
বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে দাপট দেখানো চীনা প্রতিষ্ঠান বিল্ড ইয়োর ড্রিমস বা বিওয়াইডি অবশেষে বাংলাদেশে। সিজি-রানার বাংলাদেশ লিমিটেডের হাত ধরে এই প্রথমবারের মতো দেশে আনুষ্ঠানিকভাবে পা রাখল ব্র্যান্ডটি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আয়োজিত একটি টেস্ট ড্রাইভে ‘সিলায়ন-৬’ মডেলের গাড়িটি সাংবাদিকদের সামনে উপস্থাপন করে প্রতিষ্ঠানটি। প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির এই গাড়ি একই সঙ্গে চলে চার্জ আর অকটেনে। শুধু চার্জে চালালে প্রতি কিলোমিটারে খরচ ৩ টাকারও কম, আর পুরো চার্জ ও ফুল ট্যাংকে টানা চলে ১ হাজার ৯২ কিলোমিটার—যার খরচ কিলোমিটারপ্রতি ৪ টাকা ১২ পয়সা।
১,৯৪০ কেজি ওজনের ‘সিলায়ন-৬’-এ আছে ডিএমআই প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও শক্তিশালী ইলেকট্রিক মোটর। ঘণ্টায় ১০০ কিমি গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র ৮.৫ সেকেন্ড। আছে ইকো, নরমাল ও স্পোর্টস—তিনটি ড্রাইভ মোড, উন্নত ব্রেকিং সিস্টেম, এবং অফ-রোড ও শহুরে যাত্রার উপযোগী ৭ ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
নকশাতেও সমান আধুনিকতা—ওসেন অ্যাসথেটিকস ডিজাইনে বড় ফ্রন্ট গ্রিল, স্লিক এলইডি হেডলাইট, স্কাল্পটেড বডি। ভেতরে ১৫.৬ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ইনফিনিটি ব্র্যান্ডের ১০ স্পিকার, প্যানারমিক সানরুফ, মাল্টি-জোন ক্লাইমেট কন্ট্রোল, ভয়েস কমান্ড, এমনকি চাবি ছাড়াও চালানো যায় এনএফসি কার্ড দিয়ে।
নিরাপত্তা বৈশিষ্ট্যেও কোনো কমতি নেই—১০টি ক্যামেরায় ৩৬০ ডিগ্রি ভিউ, ৬টি এয়ারব্যাগ, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, অটো ব্রেকিং—সব মিলিয়ে গাড়িটি প্রযুক্তির আধুনিকতম উদাহরণ।
ওয়ারেন্টির দিকেও চমক: ব্যাটারিতে ৮ বছর বা ১,৬০,০০০ কিমি, ড্রাইভ ইউনিটে ৮ বছর বা ১,৫০,০০০ কিমি, এবং অন্যান্য যন্ত্রাংশে ৬ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। ক্ষয়যোগ্য উপকরণের জন্যও থাকছে ৬ মাসের সুরক্ষা।
প্রথম ২০০ ক্রেতার জন্য দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। নগদ ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ৭০ শতাংশ ঋণে গাড়িটি কেনা যাবে।
বিওয়াইডি বাংলাদেশের ব্যবস্থাপক চার্লস রেন বলেন,সিলায়ন-৬ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব গাড়ি। ভবিষ্যতে আরও উন্নত ও সাশ্রয়ী মডেল আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
গ্রাহক অভিজ্ঞতা বিশেষজ্ঞ রেজওয়ান রহমান জানালেন, ‘বিওয়াইডি সিলায়ন সিক্স একটা প্লাগইন হাইব্রিড ইলেকট্রিক গাড়ি। এটির সুবিধা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রিক চার্জেও চালাতে পারবেন। চার্জিং সিস্টেম গ্রাহকের বাড়িতেই ইন্সটল করে দেবে কোম্পানি। তবে প্রয়োজন হলে রেগুলার তেলের গাড়ির মতো চালাতে পারবেন।’
মতামত দিন